ফটিকছড়িতে নুরুল আমিনের সমর্থনে গণমিছিল ও সমাবেশ
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সমর্থনে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকাল ৪টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
গণমিছিলে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ চাই, ফটিকছড়ির উন্নয়নে সৎ নেতৃত্ব চাইসহ বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত মনোনীত ও ১১ দলের সমর্থিত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, তিনি ক্ষমতার জন্য নয়, বরং জনগণের অধিকার ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতি করছেন। ফটিকছড়িবাসীর মৌলিক অধিকার যেমন শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করাই তার প্রধান অঙ্গীকার বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে ফটিকছড়ির মানুষ অবহেলার শিকার। উন্নয়নের নামে লুটপাট হয়েছে এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর উপেক্ষিত থেকেছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় যাওয়ার রাজনীতি নয়, বরং সেবার রাজনীতিতে বিশ্বাস করে। জনগণের আমানত রক্ষা করাই তাদের রাজনীতির মূলনীতি বলে তিনি দাবি করেন। আল্লাহ যদি তাকে সেবা করার সুযোগ দেন, তাহলে ফটিকছড়িকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার, ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহিমসহ ১১ দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় জামায়াত নেতারা।
বক্তারা বলেন, অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তার নেতৃত্বে ফটিকছড়িতে ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়ন বাস্তবায়ন সম্ভব হবে বলে তারা আশাবাদ প্রকাশ করেন।
