পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, অস্ত্রসহ গ্রেপ্তার ২
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকায় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে। এতে একজন সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছে। এ সময় অস্ত্র ও গুলিসহ দু’জনকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তাকৃতরা হলো, মোহাম্মদ ইশতিয়াক হাসান ইমন (২৬) ও মো. জসিম (৩৫)।
ঘটনাস্থল থেকে দু’টি বিদেশি পিস্তল, একটি এসএমজি, একটি পাইপগান, পিস্তলের তিনটি ম্যাগাজিন, পিস্তলের ৪৫৫টি তাজা গুলি, শটগানের ১৪টি তাজা কার্তুজসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে সিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী। তিনি বলেন, সোমবার দিবাগত রাত ৩টার দিকে বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকার হাজী বাড়ির একটি বাসায় এ অভিযান পরিচালনা করা হয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারীরা চালিতাতলী এলাকার ওই বাসায় অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। তবে, পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসার ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। এছাড়া বিপুল পরিমাণ অস্ত্রসহ আরেক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।
ওয়াহিদুল হক জানান, ঘটনাস্থল থেকে ৮৮০ পিস ইয়াবা ও এমডিএমএ মাদক উদ্ধার করা হয়েছে। এছাড়া, দু’টি বডি ওর্ন ক্যামেরা, অস্ত্র মেরামতের কিট বক্স ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, অস্ত্রগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেফতার দু’জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, উদ্ধার করা অস্ত্রগুলো সাজ্জাদ গ্রুপের কয়েকজন সন্ত্রাসী ব্যবহার করত।
তিনি বলেন, নগরবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পুলিশ ২৪ ঘণ্টা মাঠে রয়েছে।
