নিরাপদ অভিবাসন নিশ্চিতে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি
অজ্ঞতা ও সঠিক তথ্যের অভাবে বিদেশগামী এবং প্রবাসী কর্মীরা বারবার প্রতারণার শিকার হচ্ছেন। তাঁদের এই চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে কার্যকর প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। সরকারি ও বেসরকারি সংস্থাগুলো যদি যৌথভাবে কাজ করে, তবে অভিবাসন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও ঝুঁকিমুক্ত হবে। মঙ্গলবার (৩১ মার্চ) চট্টগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় বক্তারা এসব কথা বলেন। প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে ‘নিরাপদ অভিবাসন’ ইস্যুতে চট্টগ্রাম জেলায় কর্মরত অংশীজনদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।
এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরীফ উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে বলেন, “মূলত তথ্য ঘাটতি ও বিভ্রাটের কারণে অধিকাংশ অভিবাসী কর্মী সমস্যার সম্মুখীন হন। সমন্বয় সভার এই গুরুত্বপূর্ণ ফিডব্যাকগুলো জেলা অভিবাসন কমিটিতে উপস্থাপন করতে হবে। এ ধরনের আলোচনার মাধ্যমে অভিবাসী কর্মীদের সেবা, অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা সহজ হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) সুব্রত দাশ বলেন, “বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩ অনুযায়ী শ্রমিকদের সুরক্ষায় স্পষ্ট বিধান রয়েছে। কোনো প্রবাসী বা তাঁদের পরিবার প্রতারণার শিকার হলে লিগ্যাল এইড অফিস থেকে অগ্রাধিকার ভিত্তিতে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়া হবে। রিক্রুটিং এজেন্সিগুলোকে অবশ্যই কর্মীদের ন্যায্য ও স্বচ্ছ চুক্তিপত্র নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম বলেন, “সমন্বিত উদ্যোগ ছাড়া নিরাপদ অভিবাসন নিশ্চিত করা সম্ভব নয়। তথ্য প্রদান, আইনগত সহায়তা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই এই প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা সম্ভব।”
প্রত্যাশী সিমস্ প্রকল্পের ব্যবস্থাপক বশির আহম্মদ মনির সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রত্যাশীর সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ সেলিম। সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, বিকেটিটিসি’র অধ্যক্ষ প্রকৌশলী পলাশ কুমার বড়ুয়া, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের (ডিইএমও) সহকারী পরিচালক মহেন্দ্র চাকমা, প্রবাসী কল্যাণ ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক হাসান মোহাম্মদ সাহারিয়া, চট্টগ্রাম মহিলা টিটিসি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী আশরিফা তানজীম, ওয়েলফেয়ার সেন্টার চট্টগ্রামের সহকারী পরিচালক মোঃ আতিকুল আলম, এনজিও ‘উৎস’-এর নির্বাহী পরিচালক মোস্তফা কামাল যাত্রা, জাতীয় মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় সমন্বয়কারী অ্যাডভোকেট দিল আফরোজ।
মুক্ত আলোচনায় চট্টগ্রাম বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেস্কের প্রতিনিধি, আইনজীবী, রিক্রুটিং এজেন্সি, গণমাধ্যমকর্মী ও অভিবাসী প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা প্রত্যেকেই ‘জেনে বুঝে দক্ষ হয়ে’ বিদেশ যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রবাসীদের কল্যাণে নিজ নিজ প্রতিষ্ঠানের সেবাগুলোর কথা তুলে ধরেন।
