ধানের শীষ বিজয়ী হলে মানুষ শান্তি ও নিরাপদে থাকবে—আবু সুফিয়ান
চট্টগ্রাম-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, ধানের শীষ গণতন্ত্র ও ন্যায়ের প্রতীক। ধানের শীষ বিজয়ী হলে মানুষ শান্তিতে ও নিরাপদে থাকবে। সারাদেশে ব্যাপক উন্নয়ন সাধিত হবে। বিএনপি দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়তে চায় দেশকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও বেকারত্বমুক্ত করতে চায়।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে ২২নং এনায়েতবাজার ওয়ার্ডে গণসংযোগকালে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গণসংযোগকালে তার সঙ্গে বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় তিনি পাড়া-মহল্লায় গিয়ে ভোটারদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।
সুফিয়ান বলেন, ব্যবসায়ীদের জন্য চাঁদাবাজিমুক্ত ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে চাই। প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করে ন্যায়ভিত্তিক সমাজ গঠন করতে চাই। তাই দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার জন্য ধানের শীষে ভোট দিন। জীবন মানের উন্নয়নের জন্য এবং প্রতিটি মানুষের কর্মসংস্থান, বাসস্থান, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ সব ধরনের নাগরিক সুবিধা ও নিরাপত্তা বিধানে ধানের শীষকে বিজয়ী করতে হবে।
তিনি আরও বলেন, বিগত ১৭ বছর দেশের মানুষভোট দিতে পারেনি। বিনাভোটে এমপি নির্বাচিত হয়েছে। দিনের ভোট রাতে হয়েছে। ফলে যোগ্য ও সৎ নেতার অভাবে এলাকাবাসী উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। তাই এবার ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হবে, ইনশাল্লাহ। ১২ ফেব্রুয়ারি সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার পাশাপাশি আমাকে আপনাদের পাশে থেকে সেবা করার সুযোগ করে দিবেন। কথা দিচ্ছি, আপনাদের যেকোন সমস্যায় আমাকে সবসময় পাশে পাবেন।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম-৯ আসনের চিফ কোঅর্ডিনেটর ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, আবু সুফিয়ান একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। ফ্যাসিস্ট সরকারের সকল নির্যাতন উপেক্ষা করে তিনি সব সময় দলের নেতাকর্মীদের পাশে ছিলেন। দলীয় মনোনয়ন পাওয়ার মাধ্যমে তিনি যে দায়িত্ব পেয়েছেন, তা পালনে সবাইকে একযোগে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির আহবায়ক আলী আব্বাস খান এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুল মালেক, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, এম. এ হান্নান, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জহুর আহমেদ, সালাউদ্দিন লাতু প্রমূখ।
