বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন এবং পার্কভিউ হসপিটাল লিমিটেড–এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর হয়েছে। জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে স্বাক্ষর করেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ হেমায়ত উদ্দীন এবং পার্কভিউ হসপিটালের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা জজের সম্মেলন কক্ষে স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্যবৃন্দ ও তাঁদের পরিবারবর্গ এখন থেকে পার্কভিউ হসপিটাল লিমিটেড-এর আধুনিক চিকিৎসা সুবিধা, অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, উন্নত ডায়াগনস্টিক সেবা এবং সর্বাঙ্গীণ স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন।

এসময় চট্টগ্রাম জেলা ও দায়রা জজ হেমায়ত উদ্দীন বলেন, এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য মানসম্মত, নির্ভরযোগ্য ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হলো।

পার্কভিউ হসপিটাল লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম বলেন, এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হয়েছে। ভবিষ্যতে সমন্বিত উদ্যোগ ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সহযোগিতার মাধ্যমে বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য আরও উন্নত, সাশ্রয়ী ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে।

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে আরও উপস্থিত ছিলেন—অতিরিক্ত মহানগর দায়রা জজ ও অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব মোঃ তাজুল ইসলাম, সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আবু হান্নান, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও অ্যাসোসিয়েশনের সহকারী মহাসচিব মোঃ আলমগীর হোসেনসহ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ।

পার্কভিউ হসপিটাল লিমিটেড-এর পক্ষে উপস্থিত ছিলেন—হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম, ফাইন্যান্স ডিরেক্টর ডা. মোহাম্মদ ইউসুফ, মার্কেটিং ডিরেক্টর ডা. মো. শাহ আলম, জেনারেল ম্যানেজার (এডমিন) তালুকদার জিয়াউর রহমান, ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড) জাহেদুল ইসলাম, সহকারী ম্যানেজার নেজাম উদ্দিন, কর্পোরেট অফিসার হেলাল পারভেজসহ প্রমূখ কর্মকর্তাবৃন্দ।

আরও খবর