বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী মাঠের প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। নিজ বাসায় বিএনপি চেয়ারম্যানের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাকে অভ্যর্থনা জানান ডা. শফিকুর রহমান। সেখানে তারা কুশলাদি বিনিময় করেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতে ইসলামীর আমিরের বাসায় যান।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের।

ডা. শফিকুর রহমানের বাসা থেকে সন্ধ্যা ৭টা ৫৯ মিনিটে বের হন তারেক রহমান। এর আগে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গুলশানের বাসা থেকে রওনা হন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে বিএনপি। এ নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসনে জয় পায় বিএনপির এক সময়ের জোটসঙ্গী জামায়াতে ইসলামী। মূলত সৌজন্য সাক্ষাৎ করতেই জামায়াত আমিরের বাসায় যান বিএনপি চেয়ারম্যান।

এর আগে গতকাল শনিবার দুপুরে তারেক রহমান সংবাদ সম্মেলনে এসে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ফ্যাসিবাদমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনা করার বার্তাও দেন তিনি।

তিনি বলেছেন, ‘নির্বাচনে একে অপরের বিরুদ্ধে কিংবা একদল আরেক দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে, এ ধরনের বিরোধ যেন প্রতিশোধ-প্রতিহিংসায় রূপ না নেয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাই।’

আরও খবর