চেপে রাখা ইতিহাস/গোডাউনে মিলল জিয়াউর রহমানের দুর্লভ নামফলক
চট্টগ্রাম প্রেস ক্লাবের একটি পরিত্যক্ত গুদামে মিলেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ভিত্তিপ্রস্তর নামফলক। এতে লেখা রয়েছে, ‘চট্টগ্রাম প্রেস ক্লাব অডিটোরিয়াম এবং ইনডোর মিনি স্টেডিয়াম, বাংলাদেশের মহামান্য প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক আজ ১১ ই ফাল্গুন, ১৩৮৪ বাংলা ভিত্তিপ্রস্তর স্থাপন করা হইল।’
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ক্লাবের নেতৃবৃন্দ প্রেস ক্লাবের নিচ তলার গুদাম থেকে ফলকটি উদ্ধার করে সংরক্ষণ করেছেন। এ ঘটনায় চট্টগ্রামের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, বিগত ১৭ বছরে দেশের কতিপয় গণমাধ্যমকর্মীরা সাংবাদিকতাকে জলাঞ্জলি দিয়ে আওয়ামী লীগের প্রতি কতটা দলদাস হয়ে পড়েন এ ঘটনা তারই প্রমাণ বহন করে।
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর চট্টগ্রাম প্রেস ক্লাব আওয়ামীকরণ শুরু হয়। তারই অংশ হিসেবে স্বৈরাচারের দোসর সাংবাদিকরা জিয়াউর রহমানের ভিত্তিপ্রস্তর উপড়ে ফেলে দেয়। তবে সেটি রয়ে যায় প্রেস ক্লাবের নিচের তলার গুদামে। ওই গুদামে পুরোনো জিনিসপত্র রাখা হতো। ৫ আগস্টের পর ফ্যাসিবাদমুক্ত চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দ জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ওই ফলকটি বহু খোঁজাখুঁজি করেও পাননি। সবশেষ বৃহস্পতিবার দুপুরে ক্লাবের উন্নয়ন কাজ করতে গিয়ে কিছু জিনিসপত্র খোঁজার প্রয়োজন হলে নিচ তলার গুদামের একটি কোণে অন্যান্য জিনিসপত্রের আড়ালে অস্তিত্ব মেলে দুর্লভ এই ফলকটির।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদসহ নেতৃবৃন্দ ফলকটি উদ্ধার করে যথাযথ সংরক্ষণ করে।
চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতারা বলেন, ১৯৭৭ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। তার হাত ধরে এই প্রতিষ্ঠান গড়ে ওঠে। আমরা কালক্রমে আওয়ামী দলকানারা সেটি মুছে দেয়। নতুন প্রজন্ম আর জানতে পারেনি চট্টগ্রাম প্রেস ক্লাবে জিয়াউর রহমানরে অবদানের কথা। আজ সেটি উন্মোচিত হলো।
