চার দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রামে রাশিয়ার নৌবাহিনীর জাহাজ
চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে রাশিয়ান নৌবাহিনীর দুটি জাহাজ—রেজকি এবং সোভারচেনি। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে চট্টগ্রাম বন্দরে আগমনকালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার সফরকারী জাহাজের অধিনায়ক, কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান।
এ সময় বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার উপ-রাষ্ট্রদূত, মিলিটারি, এয়ার ও নেভাল অ্যাটাশে এবং নৌবাহিনীর স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জাহাজগুলো বাংলাদেশের জলসীমায় প্রবেশ করার সময় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা ওমর ফারুক আনুষ্ঠানিকভাবে তাদের অভ্যর্থনা জানায়।
বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজের অধিনায়কগণ এবং রাশিয়ার উপ-রাষ্ট্রদূত কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, এরিয়া সুপারিন্টেন্ডেন্ট ডকইয়ার্ড এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরের অংশ হিসেবে জাহাজের কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নেভাল একাডেমিতে রাশিয়ান নাবিক ইউভি রেডকিন-এর সমাধিস্থল রেডকিন পয়েন্টে পুষ্পস্তবক অর্পণ করবেন।
সফরকালে তারা নৌবাহিনীর প্রশিক্ষণ ঘাঁটি, জাহাজ পরিদর্শন এবং চট্টগ্রামের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও দর্শনীয় স্থানসমূহ ঘুরবেন। একই সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরাও রাশিয়ান জাহাজসমূহ পরিদর্শন করবেন।
নৌ সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। সফরের শেষে রাশিয়ান জাহাজদ্বয় ২৭ মার্চ তারিখে বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।
