চট্টগ্রাম বন্দর/বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ—হাইকোর্ট
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানির কাছে হস্তান্তর সংক্রান্ত বন্দর কর্তৃপক্ষের চুক্তি প্রক্রিয়াকে বৈধ বলে ঘোষণা করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতের এ রায়ের ফলে নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি কার্যক্রম এগিয়ে নিতে আর কোনো আইনি বাধা থাকল না।
মামলার নথি থেকে জানা যায়, এর আগে একই বিষয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে বিচারপতিদের মধ্যে মতভেদ দেখা দিয়েছিল। গত বছরের ৪ ডিসেম্বর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ বিভক্ত রায় দেন। সে সময় বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব চুক্তি প্রক্রিয়াটিকে অবৈধ ঘোষণা করেন। তবে এ মতের সঙ্গে দ্বিমত পোষণ করে বিচারপতি ফাতেমা আনোয়ার রিট আবেদনটি খারিজ করে দেন।
দুই বিচারপতির ভিন্নমতের কারণে নিয়ম অনুযায়ী তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চে পাঠান। সেখানে দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার চূড়ান্ত রায় ঘোষণা করা হয়।
উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে পরিচালনার দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গত বছর হাইকোর্টে রিট দায়ের করেন বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন। হাইকোর্টের এই রায়ের মাধ্যমে ওই বিষয়ে চলমান আইনি জটিলতার অবসান ঘটল।
