চট্টগ্রাম চেম্বারের নির্বাচন ৪ এপ্রিল
শতবর্ষী বাণিজ্য সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন আগামী ৪ এপ্রিল। চেম্বারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান চট্টগ্রামের স্থানীয় সরকার পরিচালক মনোয়ারা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন-২০২৫ এর প্রার্থী ও ভোটারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পূর্ব তফসিল অনুযায়ী গত ৩০ অক্টোবর স্থগিত করা ভোট গ্রহণ কার্যক্রম বাণিজ্য মন্ত্রণালয়ের ২৬ ফেব্রুয়ারির (২৬.০০.০০০০.১৫৬.০২৪.৯০ (অংশ-২).৫২ সংখ্যক স্মারক) আইনগত মতামতের ভিত্তিতে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অর্ডিনারি ও অ্যাসোসিয়েট গ্রুপের ১৮ জন পরিচালক নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম আগামী ৪ এপ্রিল ২০২৬ তারিখে নিরবচ্ছিন্নভাবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হবে।
নির্বাচনের তারিখ ঘোষণা সংক্রান্ত বিজ্ঞপ্তি চেম্বারের নোটিশ বোর্ড, ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। এ ছাড়া সদস্যদেরকে এসএমএসের মাধ্যমে অবহিত করা হয়েছে।
গত ১ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আদালত ৩০ অক্টোবর উক্ত নির্বাচন স্থগিত রাখার আদেশ দিয়েছিলেন।
