চসিক মেয়র মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। আমাদের লক্ষ্য তরুণ প্রজন্মকে শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে দৃঢ় ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা।

তিনি বলেন, সরকার ইতোমধ্যে ৪র্থ শ্রেণী থেকে ক্রীড়া শিক্ষাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে। এটি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের ক্রীড়া দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। সমাজকে কিশোর গ্যাংমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই। এজন্য নগরীর ৪১টি ওয়ার্ডে পর্যায়ক্রমে খেলার মাঠ নির্মাণ ও উন্নয়ন করা হচ্ছে।

সোমবার (৩০ মার্চ) বিকেলে দেশি বিদেশি ক্রীড়াবিদ, প্রশিক্ষক ও সংগঠকদের অংশগ্রহণ চট্টগ্রামের মুরাদপুরস্থ এলজিইডি ভবন মিলনায়তনে দুইদিন ব্যাপী ৩য় আন্তর্জাতিক আইটিএফ তায়কোয়ান্দো সেমিনার ও চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ফেডারেশন অব আইটিএফ বাংলাদেশের সভাপতি চিত্র নায়ক মাসুম পারভেজ রুবেল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ফেডারেশন অব আইটিএফ বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট শিহান প্রিন্সিপাল অজয় দে (৬ষ্ঠ ড্যান, বিএমএসি)। আইটিএফ বাংলাদেশের সভাপতি মোহাম্মদ আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক প্রশিক্ষক ও আইটিএফ চায়নার মহাসচিব লিউ চেন (৬ষ্ঠ ড্যান), আন্তর্জাতিক প্রশিক্ষক কোসরু উদ্দিন (৪র্থ ড্যান, যুক্তরাজ্য), আইটিএফ বাংলাদেশের উপদেষ্টা মশিউল আলম স্বপন, আলাউদ্দিন আল আজাদ, আন্তর্জাতিক উশু বিচারক ও কোচ ডা. মোহাম্মদ শফি।

আয়োজকরা জানান, দুইদিনব্যাপী এই আন্তর্জাতিক সেমিনার ও চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারীরা আধুনিক প্রশিক্ষণ, কৌশলগত দিকনির্দেশনা এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার অভিজ্ঞতা অর্জন করবেন। এতে দেশের খেলোয়াড়দের দক্ষতা উন্নয়ন হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ক্রীড়া মানকে আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হবে।

এছাড়া, আয়োজনে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতা, প্রশিক্ষণ সেশন, কারিগরি কর্মশালা এবং আন্তর্জাতিক রেফারিং সেশন অনুষ্ঠিত হবে। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এ ধরনের আন্তর্জাতিক মানের আয়োজন বাংলাদেশের ক্রীড়া খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং তরুণ প্রজন্মকে সৃজনশীল, দক্ষ ও শৃঙ্খলাবদ্ধ হতে উৎসাহিত করবে।

আরও খবর