চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম হাসপাতাল পরিদর্শনে আসার খবর পেয়ে সকাল সকাল সেখানে চিকিৎসা নিতে ভর্তি হন ২৩ জন ‘রোগী’। এমপি চলে গেলে এদিন দুপুরে হাসপাতাল ছাড়েন তারা।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। ওইদিন দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে যান সরওয়ার জামাল নিজাম। পরিদর্শন শেষে দুপুর ১টার দিকে হাসপাতাল ত্যাগ করেন তিনি।

হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার সকালে হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন তারা বিভিন্ন স্থানে মারামারি-সংঘর্ষে আহত হয়েছেন। এরপর নগরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে তারা চিকিৎসা নেন। তবে হাসপাতাল ছাড়ার পর পুনরায় অসুস্থ বোধ করায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছেন। তাদের অনেকেরই হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ মোড়ানো ছিল। সংসদ সদস্যের পরিদর্শন শেষ হওয়ার পরপরই তারা হাসপাতাল ত্যাগ করেন।

হাসপাতালে আগে থেকেই ভর্তি ছিলেন এমন দুজনের অভিযোগ, তাদের নির্ধারিত শয্যা থেকে সরিয়ে সেখানে নতুন করে ভর্তি হওয়া ওই ব্যক্তিদের তোলা হয়। তবে সংসদ সদস্য চলে যাওয়ার পর ওই ব্যক্তিরা চলে যাওয়ায় শয্যা ফিরে পান তারা।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, কিছু রোগী ফলোআপের জন্য সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এসব রোগীকে দুটি পুরুষ ওয়ার্ডে ভর্তি করা হয়। নিয়মিত রোগীদের ওয়ার্ড থেকে বের করে দেওয়ার অভিযোগ সত্য নয়।

আরও খবর