আমরা দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর উপর জোর দিচ্ছি : অর্থমন্ত্রী
সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অর্থনীতি খুবই খারাপ অবস্থায় আছে। আগামী বাজেটে কর্মসংস্থান এবং বিনিয়োগ বাড়ানোর জন্য যা যা করা দরকার, তাই করা হবে। দেশি-বিদেশি বিনিয়োগ না হলে কর্মসংস্থান তৈরী হবে না। আমরা দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর উপর জোর দিচ্ছি। স্বাস্থ্য, শিক্ষায় ও পরিবর্তন আনতে হবে। তবেই নিশ্চিত হবে কর্মসংস্থান।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় মন্ত্রী পতেঙ্গায় সরকারি হাসপাতাল নির্মাণের লক্ষ্যে নৌবাহিনীর অধিগ্রহণকৃত মোট ১৪ দশমিক ২১৯০ একর এবং ২ দশমিক ৭ একর জমি সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
আমির খসরু আরও বলেন, চট্টগ্রাম মহানগরের দক্ষিনাঞ্চলে কোন হাসপাতাল নেই। এখানে জেনারেল একইসাথে একটি বিশেষায়িত হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট, টেকনোলজি ইনস্টিটিউট গড়ে তোলা হবে। এ অঞ্চলের মানুষের দাবি ছিল হাসপাতাল করার। তাই তাড়াতাড়ি এখানে হাসপাতাল গড়ে তোলা হবে।
পরিদর্শনকালে চট্টগ্রাম নৌ অঞ্চল কমান্ডার রিয়ার এডমিরাল মোঃ মঈনুল হাসান মন্ত্রীকে জমির অবস্থান, ভৌগোলিক পরিবেশ, যোগাযোগ ব্যবস্থা, পারিপার্শ্বিক অবকাঠামোগত সুবিধা এবং ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন।
এ সময় অধিনায়ক বানৌজা উল্কা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), জেলা প্রশাসক কার্যালয় এবং সংশ্লিষ্ট ভূমি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রস্তাবিত হাসপাতালটি বাস্তবায়িত হলে পতেঙ্গা ও আশপাশের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং চট্টগ্রাম মহানগরীর চিকিৎসা অবকাঠামো আরও শক্তিশালী হবে। এরপর মন্ত্রী বন্দর হাই স্কুল মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত হয়ে দলীয় নেতাকর্মী এবং এলাকার জনসাধরণের সঙ্গে কুশল বিনিময় করেন।
