চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী সাগরিকা এলাকায় কিশোর গ্যাংয়ের হাতে আকাশ দাশ (২৬) হত্যার ঘটনায় নাজমুল হুদা (১৯) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। নাজমুলকে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা এলাকা র‌্যাব-১৩র (রংপুর) সহযোগিতায় গ্রেপ্তার করে র‌্যাব-০৭ (চট্টগ্রাম)।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-০৭এর সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। তিনি বলেন, গত ২৬ ফেব্রুয়ারি সাগরিকা বিটাকের সামনে ফ্যাক্টরি থেকে বের করে একদল কিশোর গ্যাং আকাশ দাশকে ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আকাশ দাশের পরিবার পাহাড়তলী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। সেই মামলা নাজমুল হুদা এজাহারনামীয় আসামি। আমরা তাকে রংপুর র‌্যাবের সহযোগিতায় শুক্রবার গাইবন্ধা জেলার পলাশবাড়ি থেকে গ্রেপ্তার করেছি।
আসামি নাজমুল হুদা কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পাঠানপাড়া হাকিম মাঝির ছেলে। নিহত আকাশ দাশ পাহাড়তলী থানার বিটাক এসটেক প্লাস্টিক ফ্যাক্টরীতে হেল্পার হিসেবে চাকুরী করতেন। একই ফ্যাক্টরির শোল্ডার শাখার কর্মচারী মাইকেলকে স্থানীয় সন্ত্রাসীরা পূর্ব সূত্রতার জেরে মারতে গেলে আকাশ মাইকেলকে রক্ষা করেন। এরপর তারা আকাশের ওপর ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে ফেলে চলে যায়। আকাশ নিহত হলে তার বিপাতা বাবুল দাশ হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তার নাজমুল হুদাকে পাহাড়তলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

আরও খবর