ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই। তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুরের স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিএনপি’র মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান এক শোক বার্তায় জানিয়েছেন, সিঙ্গাপুরে হাসপাতালের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরহুমার লাশ আগামীকাল সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসা হবে।

শায়রুল কবির খান আরও জানান, আগামী ৩০ মার্চ বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দিলারা হাফিজের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর, বাদ যোহর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাকে বনানী সামরিক বাহিনী কবরস্থানে দাফন করা হবে।

মরহুমা দিলারা হাফিজ তাঁর দীর্ঘ কর্মজীবনে দেশে শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিভিন্ন মেয়াদে ইডেন মহিলা কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মরহুমা দিলারা হাফিজ একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী ছিলেন। তাঁর মৃত্যুতে জাতি একজন সজ্জন শিক্ষাবিদকে হারালো।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও শোক জানিয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে প্রকাশিত এক শোকবার্তায় তিনি মরহুমার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মরহুমা দিলারা হাফিজ তার পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব পালন করে তিনি যে অবদান রেখে গেছেন, তা শ্রদ্ধার সাথে সকলে স্মরণ করবে।

তিনি মরহুমার রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষভাবে প্রার্থনা করেন।

আরও খবর