​মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধা পরিস্থিতির কারণে বিপর্যয়ের মুখে পড়া বিমান চলাচল ব্যবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। জেদ্দা, মদিনা ও মাস্কাট রুটের ফ্লাইট চলাচল এখন পুরোপুরি স্বাভাবিক। বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই রুটের ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধাবস্থার প্রভাবে আজ পর্যন্ত অত্র বিমানবন্দরের সর্বমোট ১০৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। সর্বশেষ ১৩ মার্চ ৪টি ফ্লাইট বাতিল করা হয়। বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত দুটি অ্যারাইভাল এবং এখান থেকে ছেড়ে যাওয়ার কথা থাকা দুটি ডিপার্চার ফ্লাইট রয়েছে।

​তবে পরিস্থিতির ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিয়ে তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই রুটের ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। এছাড়া জেদ্দা, মদিনা ও মাস্কাট রুটের ফ্লাইট চলাচল এখন পুরোপুরি স্বাভাবিক। বিমানবন্দর কর্তৃপক্ষ পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে এবং যুদ্ধকবলিত অঞ্চলের এয়ারফিল্ডগুলো পূর্ণমাত্রায় সচল হলে সব রুটের শিডিউল আগের অবস্থায় ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

সীমাবদ্ধতার মধ্যেও শুক্রবার দিনভর বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আগত মোট ৭টি অ্যারাইভাল এবং ৮টি ডিপার্চার ফ্লাইট সচল ছিল।

আরও খবর