চট্টগ্রামের রাউজান উপজেলার অলি মিয়া হাট এলাকায় মুআব্দুল মজিদ (৫০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দলীয় সূত্রের দাবি, তিনি পূর্ব গুজরা ইউনিয়ন যুবদলের কর্মী ছিলেন। এনিয়ে রাউজানে গত ১৮ মাসে অন্তত ২১ জন নিহত হয়েছেন, যাদের ১৫ জন রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তারা বলেন, সন্ধ্যায় বাজার থেকে হেঁটে বাড়ির দিকে রওনা হন আবদুল মজিদ। এ সময় বাজারেই মুখোশ পরা একদল অস্ত্রধারী যুবক মোটরসাইকেলে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। পরে হামলাকারীরা দ্রুত সরে পড়ে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ইফতারের পর একটি চায়ের দোকানে কয়েকজন বসে গল্প করছিলেন। এ সময় বাইরে থেকে কয়েকজন যুবক এসে গুলি করে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

নিহত মজিদের স্ত্রী শাহনাজ বেগম বলেন, এর আগেও তাঁর স্বামীর ওপর হামলা হয়েছিল। তখন তিনি বেঁচে যান। এবার তাঁকে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ বলছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

আরও খবর