মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে মিসাইল হামলায় চট্টগ্রামের আরেক সন্তান প্রবাসী মোহাম্মদ জাহেদ হোসেন নিহত হয়েছেন। তিনি সন্দ্বীপ পৌরসভার রহমতপুর এলাকার কামাল দফাদারের ছোট ছেলে।
জাহেদের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় তার মৃত্যুর খবরটি কুয়েত প্রবাসী ব্যবসায়ী মো. ইলিয়াছ চৌধুরী। চলমান সংঘাতের মধ্যে মিসাইল হামলার ঘটনায় জাহেদ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহত জাহেদ দীর্ঘদিন ধরে কুয়েতে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তার ৩ বছর বয়সী একটি সন্তান রয়েছে। সেই সন্তানও বিশেষ চাহিদাসম্পন্ন বলে জানা গেছে।

নিহতের ভগ্নিপতি মো. বাবর উদ্দিন জানান, বৃহস্পতিবার কুয়েত সময় সকাল সাড়ে ১১টায় এ মিসাইল হামলার ঘটনা ঘটে। হামলার পরপরই জাহেদ হোসেনের মৃত্যুর খবর সহকর্মীদের মাধ্যমে পরিবারকে জানানো হয়।

এর আগে গত ২ মার্চ বাহরাইনে ড্রোন হামলায় নিহত হন আবুল মহসিন তারেক নামের আরেক প্রবাসী। তিনি সন্দ্বীপের আজিমপুর এলাকার পাহাড়েরগো বাড়ির মৃত ছায়েদুল হকের ছেলে। তাঁর পরিবার চট্টগ্রাম নগরীর হালিশহর বউবাজার আমতলী এলাকায় বসবাস করে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এ নিয়ে চট্টগ্রামের দুই সন্তান প্রাণ হারালেন। দুইজনই সন্দ্বীপের বাসিন্দা। চট্টগ্রামের সন্দ্বীপ কমিউনিটির মধ্যেও শোকের ছাড়া নেমে এসেছে।

আরও খবর