বিহারী সন্ত্রাসী বগার ৪ সহযোগী গ্রেপ্তার
চট্টগ্রাম পুলিশের তালিকাভুক্ত অন্যতম শীর্ষ সস্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার ওয়াকিল হোসেন প্রকাশ বিহারী বগার ৪ সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন—জালালাবাদ হাউজিং সোসাইটি মৃত আলি আহম্মদের তিন ছেলে জসিম উদ্দিন (৩৭), আলম ও মো. কাশেম (৩৫) এবং আব্দুস ছালামের ছেলে মোস্তাক হোসেন রানা (২৫)।
তারা সবাই ওয়াকিল হোসেন বগার সহযোগী এবং বিভিন্ন মামলার আসামি। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিএমপির গণসংযোগ শাখার সহকারী কমিশনার আব্দুর রশিদ। তিনি বলেন, শনিবার ভোররাত ৩টার দিকে খুলশী থানার জালালাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, তারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অপরাধ করার প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যে ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে হাতেনাতে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গত ১৭ অক্টোবর একটি চাঁদাবাজি মামলার বিহারী সন্ত্রাসী বগা জামিন আবেদন করে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠান। মাদক, বিষ্ফোরক, পাহাড়তলী কলেজের শিক্ষক নির্যাতন, ডিসি পরিবহন পুলের প্লটসহ ১২টি প্লট দখল, পুলিশের গাড়িতে হামলা, চাঁদাবাজির অপরাধে তার বিরুদ্ধে ২৩টি মামলা রয়েছে জানায় পুলিশ। বগা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।
