অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি এবং খাবারে কেওড়াজলসহ বিভিন্ন রাসায়নিক ব্যবহারের অভিযোগে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি এলাকার সুপার মার্কেট শপিং ব্যাগকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৫ মার্চ) অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী প্রস্তুত করা হচ্ছিল। পাশাপাশি খাবারে কেওড়াজলসহ বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ব্যাটারি গলি এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এ সময় ট্রেড লাইসেন্স হালনাগাদ না থাকায় ‘ডক্টরস ফার্মেসি’কে ৫ হাজার টাকা এবং মূল্যতালিকা প্রদর্শন না করায় ‘নুর হোসেন স্টোর’কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়।

আরও খবর