গণঅভ্যুত্থানে দেশে ছেড়ে পালিয়ে যাওয়া খুনি হাসিনাকে গালি দিয়ে আলোচনায় আসে অ্যাডভোকেট কামাল উদ্দিনকে হেফাজতে নিয়েছে পুলিশ। কামাল নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি দাবি করে সর্বশেষ শুক্রবার আওয়ামী লীগের বিভিন্ন নেতাকে গালিগালাজ করেছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে স্থানীয় ছাত্রলীগ নেতা দিদার হোসেনের নেতৃত্বে একদল লোক কামাল উদ্দিনের বাসা ঘেরাও করলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে কর্ণফুলী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

কামাল উদ্দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক। ২০২২ সালে তাকে বহিষ্কার করা হয়। ৫ আগস্টের পর বিদেশে অবস্থানরত ও দেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন তিনি। সম্প্রতি ৬৪ জেলায় কমিটি গঠনের ঘোষণা দিয়ে নিজেকে ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি দাবি করেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, বাসা ঘেরাওয়ের খবর পেয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ কামাল উদ্দিনকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে। শনিবার তাকে আদালতে সোপর্দ করে পুলিশ।

আরও খবর