ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, সাংবাদিকতা একটি পবিত্র ও গুরুত্বপূর্ণ পেশা। সাংবাদিকদের সবসময় জনগণের পক্ষে এবং নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করতে হবে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে গণতন্ত্র, আইনের শাসন ও দেশের স্থিতিশীলতা রক্ষায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

প্রতিমন্ত্রী বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে সাংবাদিকদের কল্যাণে করনীয় বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মীর হেলাল বলেন, সংবাদ মাধ্যমকে জনগণের সংসদ হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যাশা থাকলেও অনেক ক্ষেত্রে সাংবাদিকতার নীতি-নৈতিকতা ও আদর্শ থেকে বিচ্যুতির ঘটনা ঘটেছে, যা দুঃখজনক। অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রচার করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা হলে সরকার, জনগণ এবং সর্বোপরি দেশ ক্ষতিগ্রস্ত হবে। তাই সাংবাদিকদের দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চা করতে হবে।

তিনি বলেন, সাংবাদিকদের বেতন-ভাতা ও ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি যৌক্তিক। তবে সংবাদ মাধ্যমের মালিকদের আর্থিক সক্ষমতা ও প্রতিষ্ঠানের আয় বৃদ্ধির বিষয়টিও বিবেচনায় নিতে হবে। দেশের অর্থনৈতিক অগ্রগতি ও কর্মসংস্থান বাড়লে সংবাদ মাধ্যমগুলোর আয় ও বিনিয়োগের সক্ষমতা বাড়বে। ফলশ্রুতিতে সাংবাদিকদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির পথও সুগম হবে।

চট্টগ্রাম প্রেস ক্লাব প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, যারা কোনো প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রেখেছেন, তাদের অবদান যথাযথ সম্মানের সঙ্গে স্মরণ করা উচিত। এসময় তিনি প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামফলক পুনঃস্থাপনের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।

চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ির সাংবাদিকদের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের যৌক্তিক দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। প্রেস ক্লাবের অবকাঠামোগত উন্নয়নে সরকারি জমির প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। জমির স্বল্পতা বিবেচনায় ভবিষ্যতে ঊর্ধ্বমুখী সম্প্রসারণের মাধ্যমে অধিক সংখ্যক সাংবাদিকের আবাসন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টি বিবেচনা করা হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের কল্যাণে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। একইভাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরীর সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিক উদ্যোগের প্রশংসা করেন প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র ও আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করতে এবং যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সাংবাদিক, রাজনীতিবিদ, সামাজিক সংগঠনসহ সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বাংলাদেশকে কাঙ্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া সম্ভব।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল), চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি নাছিরুল আলম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম হেলালীসহ প্রমূখ।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সাংবাদিক অনুদানের চেক বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরীর হাতে তুলে দেন।

আরও খবর