ডিসেম্বরকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা নেই জানিয়ে চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শামসুল হকবলেছেন, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে। ‘র‌্যাব, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সমন্বয়ে নিয়মিত যৌথ টহল চলছে। কোনো অবস্থাতেই নতুন করে সন্ত্রাসীদের আস্তানা গড়তে দেওয়া হবে না। অপরাধীরা আশ্রয় নেবে—সেটিও হতে দেব না। যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ধরে রাখব। এটাই আমাদের কাজ।’

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গলসলিমপুর এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. নাজিমুল হক, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও জনসংযোগ) মো. রাসেলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জঙ্গলসলিমপুরের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, জঙ্গল সলিমপুর এলাকার মানুষ এখন শান্তিপূর্ণভাবে জীবনযাপন করছেন। তাদের দৈনন্দিন কাজকর্ম ও ব্যবসা-বাণিজ্য স্বাভাবিকভাবে চলছে। এরপরও কারো কোনো সমস্যা থাকলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়েই পুলিশ কাজ করতে চায়। মানুষের যেন কোনো সমস্যা বা ক্ষতি না হয়, সেটিই পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার। জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতির সুযোগ রয়েছে। বর্তমান পরিস্থিতিতে সন্তুষ্ট হয়ে বসে থাকতে চাই না। আরো ভালো করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।’
এলাকার উন্নয়ন পরিকল্পনা নিয়ে এক প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, সরকার যেসব পরিকল্পনা গ্রহণ করেছে, সেগুলো সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়ন করা হবে। তবে সবকিছুর ঊর্ধ্বে জনগণের স্বার্থ ও মানুষের কল্যাণকে গুরুত্ব দিতে হবে।

রাস্তা নির্মাণের আগেই এলাকায় পরিবর্তন এসেছে উল্লেখ করে তিনি বলেন, প্রথমত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। সড়ক নির্মাণ সম্পন্ন হলে এলাকার মানুষের যাতায়াত, জরুরি স্বাস্থ্যসেবা গ্রহণ এবং শহরের সঙ্গে যোগাযোগ আরো সহজ হবে।

এ সময় ডিআইজি শামসুল হক সন্ত্রাসীদের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান অভিযান, অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

আরও খবর