চট্টগ্রাম নগরের পুরাতন রেলওয়ে স্টেশনের হোটেল হ্যারিটেজে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লোকমান নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার দে জানান, পরিবারের পক্ষ থেকে মামলা করার পর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। হোটেল কর্তৃপক্ষ যথাযথ নিয়ম মেনে কক্ষ ভাড়া দিয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

জানা গেছে, বিয়ের কথা বলে বান্দরবানে থাকা কিশোরীকে গত ২ অক্টোবর চট্টগ্রামে নিয়ে আসেন লোকমান। ওই কিশোরী বিয়ের কথা বললে রাত হয়ে গেছে জানিয়ে পরদিন বিয়ে করার প্রতিশ্রুতি দেন লোকমান। এরপর চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশনের হোটেল হ্যারিটেজের দ্বিতীয় তলার ১১২ নম্বর কক্ষে কিশোরীকে নিয়ে ওঠেন তিনি। সেখানে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন লোকমান। পরদিন ৩ অক্টোবর কিশোরীকে মুরাদপুরে নামিয়ে দিয়ে ফোন বন্ধ করে পালিয়ে যান লোকমান।

পরে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিস্তারিত জানালে চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলা করেন তারা। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে রবিবার ভোরে আসামিকে গ্রেপ্তার করে।

আরও খবর