চট্টগ্রামের রাউজানে নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিলের নেতৃত্বে ছিলেন উপজেলার কদলপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সেলিম উদ্দিনের ছেলে ছাত্রলীগ নেতা সজীব উদ্দিন চৌধুরী।
বিষয়টি জানাজানি হলে ওই বিএনপি নেতাকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত সোমবার কয়েক দফা মিছিল ও দলীয় কর্মসূচি পালন করে নিষিদ্ধ ছাত্রলীগ।

জানা যায়, সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ছত্তারঘাট এলাকায় মহাসড়কে এ নাশকতার চেষ্টা চালানো হয়। চার থেকে পাঁচটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন যুবক সড়কের ওপর টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি ফাঁকা গুলি ছোড়ে।
খবর পেয়ে রাউজান থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে হাটহাজারীর দিকে পালিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্র আরো জানায়, মধ্যরাতের এই ঘটনার প্রায় ১৮ ঘণ্টা আগে সোমবার ভোর ৫টার দিকে একই এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৮ থেকে ১০ জন কর্মী ব্যানার নিয়ে কয়েক সেকেন্ডের একটি ঝটিকা মিছিল করে পালিয়ে যায়।

ছেলের ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দেওয়ার বিষয়টি সামনে আসার পর বিএনপি নেতা সেলিম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কদলপুর ইউনিয়ন বিএনপি।

ইউনিয়ন বিএনপির একাংশের আহ্বায়ক নজরুল ইসলাম জানান, সেলিম উদ্দিন চৌধুরী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সমন্বয়ক ছিলেন। এর আগে তিনি যুবদলের দায়িত্বেও ছিলেন। রাউজানকে অস্থিতিশীল করার অপচেষ্টায় তার ছেলের ভূমিকার কারণে তাকে আগেও কয়েকবার সতর্ক করে ছেলেকে এসব কর্মকাণ্ড থেকে বিরত রাখতে বলা হয়েছিল। কিন্তু তিনি তা করতে ব্যর্থ হওয়ায় সোমবারের ঘটনার পর তাকে কার্যত সব দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং পরবর্তী দলীয় সভায় তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর