চট্টগ্রামে চালু হলো দেশের প্রথম সাইকেল ট্র্যাক
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্মিত দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে নগরের পতেঙ্গা এলাকায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে ট্র্যাকের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
এসময় অর্থমন্ত্রী বলেন, নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় মেয়র মহোদয়ের এই উদ্যোগ নিয়েছেন, এজন্য উনাকে ধন্যবাদ। ক্রমান্বয়ে নগরের খালগুলো পাড়ে এবং অন্যান্য এলাকায় সাইকেল ট্র্যাক নির্মাণ করতে হবে। আমি আমার জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করবো।
মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আজকে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন হলো। মানুষ এই ট্র্যাক ব্যবহার করে অফিসে যাবে। এক্সারসাইজ করবে, শরীর, মন সুস্থ থাকবে। সরকার একে একে নাগরিকদের সব সুযোগ সুবিধা নিশ্চিত করবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান, এরশাদ উল্লাহ ও এনামুল হক। তাদের উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, আপনাদের এলাকায় সাইকেল ট্র্যাক নির্মাণের উদ্যোগ গ্রহণ করুন। মানুষকে ঘর থেকে বাইরে এনে শরীর চর্চার সুযোগ করে দিন।
অনুষ্ঠানে নগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, চসিকের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
