চট্টগ্রামে অ্যাপোলো হাসপাতাল ইনফরমেশন সেন্টার উদ্বোধন
চট্টগ্রামের রোগীদের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসা তথ্য ও সহায়তা প্রদানের লক্ষ্যে অ্যাপোলো হাসপাতাল চেন্নাইয়ের উদ্যোগে চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ‘অ্যাপোলো হাসপাতাল ইনফরমেশন সেন্টার’। সেন্টার উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে হাসপাতালের সিইও নাভিন ভি বলেছেন, ভিসার বিষয়টি সরকারী পর্যায়ের বিষয়। তবুও আমরা চেষ্টা করছি ভিসা প্রাপ্তি সহজীকরণে। আমরা হাইকমিশনের সঙ্গে কথা বলেছি যাতে কোনো রোগী চিকিৎসা সেবা নিতে চাইতে তার ভিসা প্রাপ্তি সহজ হয়। তিনি আমাদের আশ্বস্ত করেছেন, এপ্রিল নাগাদ ভিসা জটিলতা কেটে যাবে।
রবিবার (২৯ মার্চ) দুপুরে নগরের সিনিয়রস’ ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অ্যাপোলো হাসপাতাল তামিলনাড়ুর রিজিওনাল সিইও ডা. ইলান কুমার। এছাড়াও উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল সেলস গ্রুপের এসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট এমএস গুরু প্রসাদ, অ্যাপোলো হাসপাতাল ইনফর্মেশন সেন্টারের সেন্টার হেড এবং ইউনিক হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রিফাত ফারুক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ইনফরমেশন সেন্টারের মাধ্যমে চট্টগ্রামের রোগীরা সহজেই অ্যাপোলো হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত তথ্য, অ্যাপয়েন্টমেন্ট, ভিসা সহায়তা, মেডিকেল সেকেন্ড ওপিনিয়নসহ বিভিন্ন সেবা পাবেন। এটি রোগীদের জন্য একটি নির্ভরযোগ্য গাইডলাইন হিসেবে কাজ করবে এবং উন্নত চিকিৎসা গ্রহণের প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুততর করবে।
এছাড়া এই ইনফরমেশন সেন্টারের মাধ্যমে স্থানীয় ডাক্তার এবং এমভিটি প্রফেশনালদের সঙ্গে সমন্বয় করে রোগীদের সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। এর পাশাপাশি নিয়মিতভাবে সিএমই সেমিনার এবং পেশেন্ট অ্যাওয়ারনেস প্রোগ্রাম আয়োজন করা হবে, যাতে চিকিৎসা সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায় এবং রোগীরা সঠিক দিকনির্দেশনা পান।
ইউনিক হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রিফাত ফারুক চট্টগ্রামে অ্যাপোলো হাসপাতালে একমাত্র অনুমোদিত প্রতিনিধি হিসেবে কার্যক্রম পরিচালনা করছেন। জামালখান এলাকায় এম মাজেস্তায় অ্যাপোলো হাসপাতাল ইনফরমেশন সেন্টার চালু হলো।
প্রেস ব্রিফিংয়ে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে ফিরে আসা এক রোগীও উপস্থিত ছিলেন এবং তিনি তার অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়াও তিনজন সাংবাদিক ছিলেন যাদের পরিবারের সদস্য অ্যাপোলো হাসপাতাল চেন্নাইয়ের চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। তারা তাদের অভিজ্ঞতাও তুলে ধরেন।
