কক্সবাজারে গ্যাস ফিলিং স্টেশনে বিস্ফোরণ, ভয়াবহ অগ্নিকাণ্ড
পর্যটন নগরী কক্সবাজার পৌরসভার কলাতলীতে নবনির্মিত একটি গ্যাস ফিলিং স্টেশনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আগুণ নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি দলের পাশাপাশি সেনা বাহিনীর তিনটি এবং বিমান বাহিনীর দুটি বিশেষায়িত দল যোগ দিয়েছেন।
পুলিশ জানায়, গ্যাস স্টেশনটিতে বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিক থেকে গ্যাস লিকেজ শুরু হয়। প্রায় তিন ঘণ্টা ধরে গ্যাস বাতাসে ছড়িয়ে পড়ে এবং রাত সাড়ে ১০টার দিকে বিস্ফোরণ হয়।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা সবুক্তগীন মাহমুদ সোহেল গণমাধ্যমকে জানান, আহতদের মধ্যে ছয়জন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। গুরুতর আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে এবং আরও আটজনকে চট্টগ্রামে রেফার করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন বলেন, বিস্ফোরণের পর পাম্পের ভেতরে কয়েকটি স্থানে আগুন ধরে যায় এবং তা আশপাশের স্থাপনাতেও ছড়িয়ে পড়ে। আদর্শগ্রাম, চন্দ্রিমা হাউজিং ও জেলখানা এলাকায় প্রায় ২০ হাজার মানুষ বসবাস করেন। বিস্ফোরণের পরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কক্সবাজার শহরের অন্যতম প্রবেশপথ কলাতলী সড়কে যান চলাচল বন্ধ রাখে প্রশাসন। এর ফলে ঢাকা ও চট্টগ্রামমুখী যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন বলেন, এলপিজি গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। লিকেজ বন্ধ ও নিরাপদে লোকজন সরিয়ে নিতে কাজ চলছে। আগুন ফিলিং স্টেশনের ভেতরের একটি কক্ষে সীমাবদ্ধ ছিল। রাত ৩টা পর্যন্ত গ্যাস লিকেজ চলতে থাকে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটিসহ মোট ১২টি ইউনিট কাজ করছে।
