রাঙামাটি জেলার সদর উপজেলাধীন বালুখালী ইউনিয়নের বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে ২৩তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে ও বিকালে দুই পর্বে ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠিত দানোত্তম কঠিন চীবর দানোৎসবে প্রধান অতিথির বক্তব্য দেন, সাবেক পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান এমপি।

কঠিন চীবর দান উপলক্ষে বুদ্ধপূজা, বুদ্ধ মূর্তিদান, সংঘদান, অষ্টপরিস্কার দান, কঠিন চীবর দান, কল্পতরু দান, পঞ্চশীল প্রার্থনাসহ নানা বিধ দানীয়যজ্ঞ সম্পাদন করা হয়।

ভগবান বুদ্ধের জয়ধ্বনি দিয়ে দুপুরে গোটা বিহার প্রাঙ্গণে কঠিন চীবর ও কল্পতরু প্রদক্ষিণ করে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। দূর-দূরান্ত থেকে অগণিত পূণ্যার্থী এ ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মুখর হয়ে উঠে পুরো বিহার এলাকা।

এ সময় উপস্থিত ছিলেন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুভাস চন্দ্র চাকমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সাবেক মূখ্য সচিব কৃষ্ণ চন্দ্র চাকমা, বিহার পরিচালনা কমিটির সভাপতি রমেশ চাকমা, তক্ষশীলা বনবিহার পরিচালনা কমটির সভাপতি মিরন খীসা, সাবেক বালুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় গিরি চাকমা প্রমুখ।

ধর্মীয় অনুষ্ঠানে ভগবান বুদ্ধের অমৃতময় বাণীর ধর্মদেশনা প্রদান করেন পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ ও সংঘরাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শ্রদ্ধালঙ্কার মহাথেরো, বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পাঞা তিষ্য ভিক্ষু, মৈত্রী বিহারের ভদন্ত শীলা নন্দ মহাস্থবির, রাজ বিহারের ভিক্ষু ভদন্ত শীলপাল মহাথেরো।

উল্লেখ্য, কঠিন চীবর দান ভগবান বুদ্ধের সময়ে ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা এবং সুতা থেকে বেইন বুনে কঠিন চীবরে পরিণত করে দান করা হয়।

আরও খবর